অরিত্র সোম

রাতের চিলেকোঠা





১

এক পাল চামড়ায় মন বেঁধে বসে থাকি রাতে
শুধু এক পাল চামড়া- তাকে ভুলে যেতে পারি
                                           এত সহজে?
দানাবাহার, ছাঁদ ছিরি নয়
পথের পাশে পথ মেশানো- রক্তমাংসের এক
উজ্জ্বল বর্মীয় আখ্যান
বেঁধে বসে থাকি;- মধ্যরাতে...


২

রাত এখনও কত সহজ তোমার কাছে, নীহারিকা
কত অকপটে তুমি ঘরে আসো, চা মাখো
আমার বিছানার পাশে এসে আমার গরম,
                                         হাতে নাও...
আমি এখনও তোমার মতন সহজ হতে পারলাম না


৩

রাতের চিলেকোঠায় ঘুরে আসা আমার প্রতিদিনের কাজ
এই সেদিনও, ঘুরতে ঘুরতে আবিষ্কার করা
                     হঠাৎ এক মস্ত কবিতার বই; আমেরিকা!
লুপ্তপ্রায়ের মত হতে হতে পরজন্মে এসে পাওয়া
আমার সেই, রাতের চিলেকোঠা-
দুপুরের ভাতঘুমের পর আমার মৃতদেহে এসে দেখা দেয়


৪

ভয়ানকভাবে শরৎকাল আজ এসে দাঁড়িয়েছে
সামনের রাস্তা ফাঁকা- সবার মুখ এখন
                             উপরের মেঘে মেঘে;
আমার এসব কখনই ভাল লাগত না
বরং তিলজলার মোড়ে দাঁড়ানো ঐ রিক্সার ছায়াটা
                                  আমার বেশি পছন্দের-
রাতের শেষ আলোটুকু সেখানেই লেগে থাকে


৫

হাতে চট-বই; টলতে টলতে এগোতে থাকে সময়
কখনও ফুটপাতে, কখনও বদ্ধ গুদামে
                      রাত এসে পড়ে অবশেষে- মৃত্যুর ফাঁদে
কখনো বেচাল হইনি আমি, অথবা বেচাল হলেও
আমার হাত ধরে থাকে চট-বই, বহু পুরনো কিছু
                                       কবিতার খাতা- হলদেটে
মিশুকে কবিদের ভিড়ে মুখ খুঁজে পাইনা আর
টলতে টলতে অবশেষে, এগোতে থাকে রাত
বহু বাতিল রাস্তা ধরে- কবিতাদের পিঠে পিঠে

মন্তব্যসমূহ

Kobitadihi বলেছেন…
পড়লাম। কবিতাদের পিঠে পিঠে রাতের আলো নিলাম
Samayitawrites বলেছেন…
খুব ভালো লাগলো, আরও এগিয়ে যা, এইভাবে। :)

জনপ্রিয় লেখা