বিষাদের সই | মনোজ দে | আঙ্গিক, মে, ২০১৯


বিষাদের সই

১
গল্পের আগামী জানা নেই কারও

শুধু কেটে গেছে রাত
কিছু আলো ডুবে গিয়ে, অলীক সকাল

যে যার অতীত মুছতে গিয়েই হোঁচট
হাত ছুঁয়েছে, সদ্যপুরোনো, পৃথক পৃথক ক্ষত


২
এ ওর চোটে নিরাময় রেখে আসে
ব্যথা জুড়োলে কাহিনী বিনিময়

অনেককিছু অমিল, অভিযোগ
জড়িয়ে নিলেই শুনতে ভালো লাগে


৩
এসব আলাপ যত্নে রেখো তুমি
বরং বিশ্বাস আরও গড়িয়ে যাক

না হয় খানিক তৃণের আড়ালে
দুয়েক মিনিট বাঁচতে ভুলে যাই


৪
এই আলো ভুলে চঞ্চল হয়ে ওঠো
চোখ ভেঙে আসে পুরোনো কান্নায়

যতখানি অধিকারবোধ - কাছে যেতে নেই

শুধু এক বিষণ্ণ সৌরভ
আমাদের আর ঘুমোতে দিচ্ছে না

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা